প্রথম প্রেমের ছোঁয়া
কবি : আব্দুল মুসরেফ খাঁন
বসন্তের এই স্নিগ্ধ বেলায় হৃদয়ে জাগে গান,
তোমার রূপের জাদুতে আজ সঁপেছি আমার প্রাণ।
প্রথমবার দুজনে মিলে ঘুরতে যাওয়ার ক্ষণ,
আনন্দে আজ আত্মহারা পাগল এই মন।
কালো চুলের ঘন ঘটা পিঠের ওপর মেলা,
যেন মেঘের কোলে লুকোচুরি রোদ্র-ছায়ার খেলা।
যত্ন করে বেঁধেছ তুমি সুন্দর এক খোঁপা,
তাতে সাজাব আমি রাঙা গোলাপের তোড়া।
পাপড়িগুলো ছুঁয়ে রবে তোমার চুলের ভাজ,
অপার্থিব সুন্দরী তুমি নববধূর সাজ।
তপ্ত রোদে ছায়া হয়ে থাকব তোমার পাশে,
ভালোবাসার রঙ লেগেছে নীলিমার ঐ আকাশে।
নির্জনতায় নিরালায় যখন আসব অতি কাছে,
হৃদস্পন্দন বাড়বে শুধু প্রেমের নেশা আছে।
তোমার অধরে আমার অধর রাখব অতি ধীরে,
হারিয়ে যাব দুজনে মোরা সুখের সিন্ধু নীরে।
শিহরণে জাগবে চঞ্চলতা বইবে খুশির বান,
তৃষ্ণার্ত এই জিভ খুঁজে পায় অমৃতের সন্ধান।
পরস্পরের ওষ্ঠের সুধা করব মোরা পান,
দেহ মনে মিশে যাবে প্রেমের সুর ও গান।
স্পর্শে তোমার মিটে যাবে মনের সকল আশা,
অক্ষয় হয়ে অমর থাকুক প্রথম ভালোবাসা।
বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলব কথা কানে,
তুমি ছাড়া আর কেউ নেই আমার এই জীবনে।
আলিঙ্গনে বদ্ধ হয়ে কাটুক সারা বেলা,
সাঙ্গ হোক আজ বিরহের সব লুকোচুরি খেলা।
তোমার হাসি আমার খুশি প্রাণের চেয়েও দামী,
চিরকাল তোমার হয়েই পাশে থাকব আমি।
হাতের ওপর হাত রেখে চলব মেঠো পথে,
স্বপ্নগুলো উড়ুক আজ রঙিন মেঘের রথে।
প্রথম প্রেমের ছোঁয়ায় আজ ধন্য হলো প্রাণ,
তুমিই আমার শ্রেষ্ঠ কবিতা, তুমিই জয়গান।
No comments:
Post a Comment