কবি : আব্দুল মুসরেফ খাঁন
নারীর মায়াবী হাসির আলপনা
ওষ্ঠের কোণে এক চিলতে হাসি, ভোরের শিশির সম,
যাহার পরশে জুড়িয়ে যায় এ তপ্ত হৃদয় মম।
সুন্দরী সেই নারীর হাসিতে কী যে এক গূঢ় বল,
উথাল পাথাল করিয়া দেয় পুরুষের অন্তরতল।
নয় সে কেবল দন্তের আভা কিম্বা ওষ্ঠের খেলা,
সে হাসিতে ডুবে বিস্মৃত হয় জগতের অবহেলা।
কখনো সে হাসি শরতের মেঘে রোদের লুকোচুরি,
কখনো বা যেন মৌন ব্যথায় হৃদয়ে দেয় যে পাড়ি।
মিষ্টি হাসির ভাঁজে লুকানো সহস্র অনুভূতি,
যাহার তেজে ম্রিয়মাণ হয় রবির স্বর্ণদ্যুতি।
পুরুষ যখন ক্লান্তিভারে হারায় আপন তেজ,
নারীর এক ফালি হাসি আনে নবজীবনের রেশ।
গভীর রাতে নক্ষত্রেরা যেমন কথা কয়,
সেই হাসিতেই পুরুষের সকল সংশয় হয় জয়।
কখনো সে হাসি বুদ্ধির দীপ্তি, কখনো সে চপলতা,
হাসির আড়ালে ঢাকা পড়ে থাকে হাজারো ব্যাকুলতা।
দৃঢ়চেতা পুরুষও যেখানে মস্তক করে নত,
সেথা ওই হাসির মাধুরী মলম— জুড়ায় মনের ক্ষত।
সুন্দরী নারী জানে যে তাহার হাসিতেই জাদু আছে,
সারা দুনিয়া তুচ্ছ লাগে ওই হাসিটুকুর কাছে।
মনস্তত্ত্ব হার মেনে যায় হাসির গভীর টানে,
পুরুষের প্রেম চিরকাল বাঁচে সেই অমলিন গানে।
অধর কোণে অটুট থাকুক সেই মায়ার স্পন্দন—
মিষ্টি হাসিতেই পূর্ণ হোক পৃথিবীর বন্ধন।
No comments:
Post a Comment