হৃদস্পন্দনের প্রথম ছোঁয়া
কবি : আব্দুল মুসরেফ খাঁন
প্রথম সে দেখা, প্রথম সে হাঁটা, মনের গহিনে টান,
সুন্দরী তুমি মোর পাশে আছো, জুড়ালে আমার প্রাণ।
রাস্তার ধারে পাশাপাশি চলা, হৃদয়ে দোলা লাগে,
আজকের দিনে সবটুকু সুখ নতুন করে যে জাগে।
হঠাৎ করেই সাহস কুড়িয়ে হাতটি ধরলাম তব,
শিহরণ জাগে সারা দেহ মনে, এ এক অনুভূতি নব।
তোমার হাতের কোমল স্পর্শে পৃথিবীটা থমকে যায়,
প্রথম ছোঁয়ার মধুর আবেশ মিশে আছে আঙুল আঙুলটায়।
খোপায় তোমার জড়িয়েছে হাওয়া, এলোমেলো সব চুল,
সেখানে সযতনে গুঁজে দিলাম একটি লাল গোলাপ ফুল।
রঙিন পাপড়ি সলাজ হাসিতে তোমার রূপের সাথে মেশে,
স্বর্গের সুধা নেমে এলো যেন আমার এই ছোট দেশে।
হেঁটে চলি মোরা অচেনা পথে, নেই কোনো তাড়াহুড়ো,
তোমার হাসিতেই স্বপ্নগুলো আজ ডানা মেলে হয় উড়ো।
গাছের ছায়ায় ঘাসের ওপর প্রথম বসলাম পাশে,
চুপ করে থাকা মুহূর্তগুলো যেন ভালোবাসাতেই ভাসে।
লজ্জায় রাঙা তোমার ওই মুখ, নয়ন অবনত করি,
আমি শুধু চেয়ে তোমাকেই দেখি, সময়টা যেন ধরি।
গোলাপের সুবাস ছড়ায় বাতাসে, চুলের খোপার সাজে,
এক অপূর্ব রাগিণী যেন আজ মোর হিয়া মাঝে বাজে।
হাটছি যখন হাতের হাত রেখে, কাটছে তো বেশ বেলা,
তোমার চোখের তারায় দেখি মায়ার এক রঙিন খেলা।
সুন্দরী মেয়ে, তোমায় পেয়ে আজ সার্থক হলো দিন,
তোমার প্রেমেতে হয়ে থাকলাম চিরকাল আমি ঋন।
চুপচাপ কথা, মিষ্টি সে হাসি, গোলাপের ওই ঘ্রাণ,
প্রথম দেখায় সঁপেছি তোমায় আমার এই মন প্রাণ।
হাতটি তোমার ছাড়বো না আর, রবো সাথে চিরকাল,
তুমিই আমার বসন্ত হাওয়া, তুমিই খুশির আকাল।
হৃদয়ের মাঝে যত্ন করে আগলে রাখবো তোমায়,
প্রথম দিনের এই স্মৃতিগুলো হারাবে না কোনো সময়।
ভালোবাসা আজ পূর্ণ হলো তোমার ওই হাতটি ধরে,
গোলাপের মতো গন্ধ রবে আমাদের এই বাসর ঘরে।
চুলের খোপায় গোলাপ সাজানো, হাতধরা অনুভবে,
আমাদের এই প্রেমের গল্প অমর হয়েই রবে।
দিনের শেষে বিদায় বেলাতেও মন পড়ে থাকে পিছে,
তোমায় ছাড়া এই পৃথিবীটা সবই যেন আজ মিছে।
No comments:
Post a Comment