হৃদয়ে আঁকা প্রতিচ্ছবি
কবি : আব্দুল মুসরেফ খাঁন
নয়ন মেলিয়া যখনই হেরি ওই রূপ-মাধুরী,
পলক পড়ে না চখের পাতায়, মন করি শুধু চুরি।
ভোরের প্রথম স্নিগ্ধ আলো তোমার হাসিতে মাখা,
হৃদয় পটে কেবল তোমার শ্রেষ্ঠ ছবিই আঁকা।
দীঘল কালো ওই কেশের মাঝে হারায় ব্যাকুল মন,
তোমায় ঘিরেই কাটে আমার সারাবেলা সারাক্ষণ।
কাজল ধোয়া ওই আঁখি দুটি মায়ায় ভরা রেশ,
না বলা যত কথার ভিড়ে তুমিই সগৌরব শেষ।
তোমার চলার ছন্দে কাঁপে ঘাসের ডগাগুলি,
তোমার গলার সুর শুনলে সব দুঃখ যাই ভুলি।
রঙিন প্রজাপতি হয়ে তুমি আসো মনের ঘরে,
মুগ্ধ হই আমি তোমায় দেখে প্রতিদিন বারে বারে।
গোলাপের পাপড়ি হার মানে ওই ঠোঁটের মধুর হাসে,
জ্যোৎস্না বিলায় চাঁদ যে তোমায় পরম ভালোবেসে।
মেঘের আড়ালে লুকিয়ে তুমি যেন এক টুকরো সুখ,
তোমার মাঝেই খুঁজে পাই আমি পৃথিবীর মায়া-মুখ।
ইচ্ছে করে তোমার সাথে পথ চলি সারাদিন,
স্বপ্ন দিয়ে রাঙিয়ে তুলি জীবনটা অন্তহীন।
বুকের বামে শব্দ করে তোমারই প্রিয় নাম,
তোমার জন্য সাজিয়ে রেখেছি ভালোবাসার ধাম।
শরৎ মেঘের ভেলা তুমি, বসন্তের ওই গান,
তোমার প্রেমে সঁপে দিয়েছি আমার সকল প্রাণ।
উপমা খুঁজে পাই না কোনো তোমার রূপের কাছে,
পৃথিবীর সব সৌন্দর্য যেন তোমাতেই এসে বাঁচে।
একবার শুধু চেয়ে দেখো এই বিরহী মনে,
হাজার প্রদীপ জ্বালিয়ে দেবো তোমার আগমনে।
এই কবিতা নয় শুধু ছন্দ, নয় কোনো মিছে কথা,
তোমার প্রেমে মিশে আছে মোর গোপন ব্যাকুলতা।
চিরকাল আমি এভাবেই না হয় ভালোবেসে যাবো দূরে,
বেঁচে থেকো তুমি চিরদিন মোর কবিতার প্রতিটি সুরে।
No comments:
Post a Comment