প্রথম প্রেমের অনুভূতি
কবি : আব্দুল মুসরেফ খাঁন
নীল আকাশের নিচে চলো প্রথম হাঁটি আজ,
ফেলে দিয়ে দূরে সব মিছে লোকেদের কাজ।
সুন্দরী এক কন্যা তুমি, চোখের মণি মোর,
তোমায় ভেবেই কাটে আমার স্বপ্ন মাখা ভোর।
প্রথম দেখার সেই দিনেতে মন হারালো ফাগে,
এমন মধুর শিহরণ কি আর মনে জাগে?
প্রথম এবার ঘুরতে যাওয়া মেঠো পথের ধারে,
বলো তুমি থাকবে তো মোর প্রেমের এই জোয়ারে?
তোমার চোখের কাজলেতে কাব্য লিখি রোজ,
হৃদয় আমার ব্যাকুল শুধু নিতে তোমার খোঁজ।
প্রথম প্রেমের চিঠি আজ লিখছি তোমায় আমি,
আমার কাছে তোমার হাসি হীরের চেয়েও দামি।
সবুজ ঘাসে বসবে পাশে শান্ত বিকেলের রোদে,
হারিয়ে যাব দুজনে আজ মিষ্টি কোনো মোদে।
হাতের ওপর হাতটি রেখে শুনবো মনের কথা,
ঘুচিয়ে দেবো নিমেষেই সব পুরনো সব ব্যথা।
আঁচল তোমার ওড়ে যখন ফাগুন হাওয়ার দোলায়,
মুগ্ধ আমি চেয়ে থাকি তোমার রূপের ছোঁয়ায়।
চিঠির পাতায় জমছে কেবল না বলা সব কথা,
তুমিই আমার ছন্দ এবং তুমিই নীরবতা।
শহর জুড়ে নামুক আঁধার, আমরা হবো এক,
বুক পকেটে জমছে শুধু তোমার হাসির রেখ।
চলো তবে পথ চলি আজ নিরুদ্দেশ ঐ দূরে,
জীবন আমার বাজুক তোমার ভালোবাসার সুরে।
প্রথম প্রেমের ব্যাকুলতা, প্রথম চিঠির টান,
তোমার নামেই উৎসর্গ মোর এই হৃদয়ের গান।
ঘুরতে যাওয়ার এই দিনেতে দিলাম কথা আজ,
তুমিই আমার রাজকুমারী, তুমিই আমার তাজ।
রঙিন চিঠির শব্দগুলো তোমায় ছুঁয়ে যাক,
আমাদের এই প্রেমের ছবি অমর হয়ে থাক।
No comments:
Post a Comment